ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির আবেদন চলছে, আসন ৪৯টি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে খেলোয়াড় কোটায় আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা প্রায় ১৯ বছর পর চালু হয়েছে। এ শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ পেয়েছেন ৪৯ জন, যা এবারও থাকছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় খেলোয়াড় কোটায় আবেদনের ক্ষেত্রে যে সকল আবেদন ইচ্ছুক প্রার্থী উচ্চমাধ্যমিক/সমমান ২০২৩ এর পূর্বে সম্পন্ন করেছে, সে সকল প্রার্থী ২৩ জানুয়ারি ২০২৪, রাত ১২টা (২২ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট এর পর) হতে আবেদন করতে পারবেন।

ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এ ছাড়া প্রার্থীদের গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩, ২০, ১৯, ১৭ কিংবা ১৬ দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীরা কেবল ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ বিশেষ সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ছবি, কোটা, কেন্দ্র এবং পরীক্ষা প্রশ্নপত্রের ভাষা পরিবর্তনের জন্য আবেদন করেছিল তাদের উক্ত বিষয়ের পরিবর্তন সম্পন্ন হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে লগইন করে পরিবর্তন যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো পরিবর্তনে ব্যত্যয় হলে ২২ জানুয়ারির মধ্যেই কেন্দ্রীয় ভর্তি অফিস, প্রশাসনিক ভবন, কক্ষ নং ২১৪-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় পরবর্তীতে আর কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।