হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া তিন কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার (২৪ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উড়োজাহাজটির ৩২-এ সিটের যাত্রী হাফিজ হাসানকে তল্লাশি করা হয়। এ সময় তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বার দেখতে পাওয়া যায়। পরে তা উদ্ধার করা হয়। এরপর গণনা করে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তার দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৮১০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা।
এতে বলা হয়েছে, আটক স্বর্ণের বারগুলো কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। বিমানবন্দর থানায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।