হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম নূর হোসেন। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, ফিটস এয়ারের একটি ফ্লাইটে করে দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে অত্যাধুনিক অস্ত্র আসছে এমন গোয়েন্দা সংবাদে শাহজালাল বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। রাত ৮টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। পরে ফ্লাইটটিতে থাকা যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, সাইকেলের পার্টসের ভেতরে এয়ার রাইফেলটির পার্ট বাই পার্ট রয়েছে। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি করে তা জব্দ করে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, অস্ত্রটি অত্যাধুনিক। এটি গ্যাস চালিত। নূর হোসেনের কাছ থেকে অস্ত্র ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল, একটি ল্যাপটপ, ১০ কার্টুন সিগারেট, পাঁচ কেজি ফুড আইটেম, দুই লিটার পারফিউম ও একটি বাইসাইকেলের অংশ বিশেষও পাওয়া যায়।
