জাতিসংঘের মার্কিন-ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে হুতি

ইয়েমেনে জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি সরকার। এ জন্য তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুতিরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।

ইয়েমেনে জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে তারা হুতি প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন।

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে হুতি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এসব হামলা চলবে বলে জানিয়েছে তারা। তবে হুতিদের এরকম হামলা বিশ্ববাণিজ্যের জন্য হুমকি, এই অজুহাতে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।