দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেও এখনও সেন্সর ছাড়পত্র পায়নি বলিউড সিনেমা ‘ফাইটার’। আজ ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। একইদিনে দেশে মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিনেমাটি দেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর কর্ণধার অনন্য মামুন জানান, এখনও সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মেলেনি।
তিনি বলেন, আজ (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখবেন। এরপর তারা ছাড়পত্র দিলে হয়ত রাতের শো চালাতে পারি। অন্যথায় শুক্রবার থেকে নিশ্চিত দেশের প্রেক্ষাগৃহে চলবে ‘ফাইটার’।
এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর একই ঘটনা ঘটেছিল শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমার ক্ষেত্রে। বিশ্বজুড়ে সে দিন সকাল থেকেই ছবিটির প্রদর্শনী শুরু হয়। তবে বাংলাদেশে বিকাল নাগাদ সেন্সর করিয়ে সন্ধ্যায় মুক্তি দেন মামুন।
এদিকে ‘ফাইটার’ ছবিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কয়েকটি দেশ ইতোমধ্যে ছবিটি নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ওমান, কাতার, কুয়েত ও সৌদি আরব ইত্যাদি দেশগুলো। যদিও তারা স্পষ্ট কোনও কারণ দেখায়নি। তবে অনেকে মনে করছেন, বারংবার পাকিস্তানকে নেতিবাচক ভঙ্গিতে সিনেমায় উপস্থাপনের কারণে এমনটা ঘটেছে।
অবশ্য ভারতে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘ফাইটার’। দর্শক-সমালোচকরা ছবিটি উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, প্রথম দিনে এর ডমেস্টিক বক্স অফিস কালেকশন ২৫ কোটি রুপির বেশি হতে পারে।
উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।