আতঙ্কে বলিউড

দীপাবলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা!

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

বলিউডের চিরচেনা দীপাবলি পার্টি যেন এবার হয়ে উঠছে অন্যরকম। চেনা আবহে বদলের ইঙ্গিত। বিশেষ করে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনার পর তারকাদের দীপাবলি পার্টিতে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অতিথিদের প্রবেশ থেকে শুরু করে সংবাদমাধ্যমের উপস্থিতি—সব ক্ষেত্রেই কড়াকড়ি বাড়ানোর কথা ভাবছেন আয়োজকরা।

ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, এবারের একাধিক তারকাখচিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়া অন্যদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। বিশেষ করে পাপারাজ্জিদের উপস্থিতি নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করছেন আয়োজকেরা। আগে যেসব পার্টিতে তারকাদের সাজপোশাকের ছবি তুলতে সংবাদমাধ্যমের ভিড় জমত, এবার সেই পরিচিত দৃশ্য কিছুটা বদলে যেতে পারে।

শুক্রবার মুম্বাইয়ে নিজের বাড়িতে দীপাবলির পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা কাশ্যপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, সারা আলি খান, টুইঙ্কেল খান্না ও প্রযোজক ভূষণ কুমারসহ একাধিক পরিচিত মুখ। তবে তারকাদের এমন জমজমাট সমাবেশেও সংবাদমাধ্যমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। সূত্রের খবর, পার্টির ছবি তুলতে পাপারাজ্জিদের আমন্ত্রণ জানানো হয়নি।

দীপাবলির মৌসুমে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত একাধিক তারকাখচিত অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা। প্রযোজক আনন্দ পণ্ডিতের পার্টি হওয়ার কথা ৩০ অক্টোবর। ৩ নভেম্বর দীপাবলি উদ্‌যাপনের আয়োজন করতে পারেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।

সর্বশেষ সর্বাধিক পঠিত