মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দর শহর পাউকতাও দখলের দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করে গোষ্ঠীটি।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরেই শহরটির আংশিক দখল নিয়েছিল এএ। এবার তারা পুরো শহর দখলের ঘোষণা দিল।
গত কয়েক মাস ধরে শহরটিতে এএ’র বিরুদ্ধে যুদ্ধজাহাজ থেকে হামলা চালাচ্ছিল মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা বাহিনী, এছাড়া হেলিকপ্টার গানশিপ থেকেও কয়েকবার চালানো হয়েছে আক্রমণ। তবুও আরাকান আর্মিকে (এএ) হটাতে পারেনি তারা। গভীর সমুদ্র বন্দর সংলগ্ন শহরটিতে ২০ হাজার মানুষের বসবাস, এর নিয়ন্ত্রণকে বড় জয় হিসেবে দেখছে এএ।
নিউ গুগল আর্থের ছবিতে দেখা গেছে, পাউকতাও শহরের বহু এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি শহরটির থানার বেশকিছু ভবনও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে আরাকান আর্মির এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) শহরটিতে ব্যাপক সংঘর্ষের দাবি করেছে আরাকান আর্মি। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।