মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। চলমান এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। খবর রয়টার্স।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এবং বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে এ হামলা চালানো হয়। সেখানে তখন একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এনইউজি এবং বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তর্বর্তী ম্যাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন লাট এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান ও গোলাবর্ষণের ঘটনায় নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী বাহিনীর নয়জন যোদ্ধা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ওই এলাকায় কোনো সক্রিয় সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন।

তবে সামরিক বাহিনীর সমর্থক বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। যদিও শনিবার বিকাল পর্যন্ত এ বিষয়ে সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মন্তব্য জানতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এনইউজির সংরক্ষিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

যৌথ বিবৃতিতে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ এ হামলাকে বিনা উসকানিতে চালানো আক্রমণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্য, এ হামলা যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য হামলার তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে জাতিসংঘ, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বিমান জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। চলমান এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত