আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় বিএনপি: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হতাশায় নিমজ্জিত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসযজ্ঞ চালায়। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। মানুষের প্রতি এদের কোনো দায়িত্ব ও কর্তব্যবোধ নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে এরা হতাশায় নিমজ্জিত।

তিনি বলেন, নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে যখন সারা দুনিয়া থেকে সমর্থন দিয়েছে তখন বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। হত্যাকারী হিসেবে দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ তাদের রাজনীতি আর চায়না। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ। তিনি মানবতার মা। তিনি কথায় না, কাজে বিশ্বাসী। প্রদানমন্ত্রী মানুষকে ভালবাসেন মানুষের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। সাংবাদিকদের প্রতি তিনি কতটা সংবেদনশীল তা আপনারা সকলেই জানেন। উনি একজন সাংবাদিক বান্ধব মানুষ। সাংবাদিকবান্ধব সরকার হলো শেখ হাসিনার সরকার।