থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পেশাদার বক্সিং টুর্নামেন্টে স্বাগতিক এক বক্সারকে হারিয়ে চমক দিয়েছেন বাংলাদেশের প্রো-বক্সার সুরো কৃষ্ণ চাকমা। বৃহস্পতিবার থাই বক্সার সর্নরাম সোপাকুলকের বিপক্ষে খেলতে নেমেছিলেন সুরো কৃষ্ণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে অসাধারণ খেলে জয় পেয়েছেন তিনি। পেশাদার বক্সিং ক্যারিয়ারে এ নিয়ে টানা সপ্তম ম্যাচ জেতার কৃতিত্ব দেখিয়েছেন সুরো কৃষ্ণ।
দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই ম্যাচ শেষ করেন সুরো কৃষ্ণ। তার এক পাঞ্চেই নক আউট হতে হয় সোপাকুলকেকে। ম্যাচ জয়ের পর সুরো কৃষ্ণ বলেন, 'থাই বক্সারকে এভাবে সহজেই হারাতে পারবো ভাবিনি। বক্সিংয়ে আগে থেকে কিছু বলা কঠিন। ৬ রাউন্ডের খেলায় দ্বিতীয় রাউন্ডেই জিতে যাবো, এতটা চিন্তা করিনি। অনেক ভালো লাগছে। দেশের বাইরে জয় পাওয়াটা অনেক সুখের।' সুরো কৃষ্ণের পরের ম্যাচ খেলবেন ফেব্রুয়ারিতে। ঢাকায় সেই ম্যাচে তার প্রতিপক্ষ হবেন ভারতের এক বক্সার।