সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিল উইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের শুরুটা হয় নড়বড়ে। তবে সেটি সামলে অজিদের বিপক্ষে জুটির রেকর্ড গড়লেন ক্যাভিম হজ ও জশুয়া ডা সিলভা। আজ প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান তোলে উইন্ডিজ।
গ্যাবায় অস্ট্রেলিয়া ও উইন্ডিজের এটি ডে-নাইট টেস্ট। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। তবে ৬৪ রান তুলতে ৫ উইকেট হারায় উইন্ডিজ। সেখান থেকে দলকে টেনে তোলেন হজ ও সিলভা। ষষ্ঠ উইকেটে ১৪৯ রানের জুটি গড়েন তারা। ডে-নাইট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোন দলের এটি সর্বোচ্চ জুটির রেকর্ড।
এর আগে ইংল্যান্ডের মালান ও রুট তৃতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন ২০২১ সালে।
ইনিংসের ২৬তম ওভারে উইন্ডিজ পঞ্চম উইকেট হারায়। এরপর দুজনে মিলে প্রায় ৫২ ওভার ব্যাট করেন। হজ তার ক্যারিয়ার সেরা ৭১ রানের ইনিংস খেলেন ১৯৪ বলে। সিলভা করেন ৭৯ রান।
দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার দিনে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক স্পর্শ করেছেন ৩৫০ টেস্ট উইকেট (৩৫২টি)।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে সিলভা বলেন, 'আমার ও হজের জুটিটি গুরুত্বপূর্ণ। আরও ভালো ভাবে দিন শেষ করতে পারলে আমার ভালো লাগতো। আমাদের কোন একজনের সেঞ্চুরি হলে ভালো হতো। ৬৪ রানে ৫ থেকে ২৬৬ কেউ হয়তো আশা করেনি। দুইশোর বেশি রান তিন উইকেট হারিয়ে, আমি খুশি তাতে।'