দুই ভবনের মাঝখান পড়ে ছিলেন হাসান, নিথর দেহে

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় একটি গলিতে দুই ভবনের মাঝখান থেকে হাসান (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গ্রিল বেয়ে চুরি করার সময় নিচে পড়ে মারা যান তিনি।

আজ শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন জানান, সকাল পৌনে ১১টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তারা খবর পান, মীরহাজীরবাগ কাঁচাবাজার সোনালী হোটেল গলিতে দুটি ভবনের মাঝখানে এক যুবক মৃত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা সেখানে উপস্থিত হন। খবর দেওয়া হলে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনের পঞ্চম তলায় রেলিং বেয়ে চুরি করার সময় সেখান থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত হাসানের বাড়ি ভোলার সদর উপজেলায়। বাবার নাম শামসুদ্দিন। বর্তমানে মীরহাজীরবাগ এলাকায় থাকতেন। আগে বাহাদুর শাহ পরিবহনে কাজ করতেন তিনি। তবে বর্তমানে তেমন কিছুই করতেন না। প্রায় এক দেড় মাস যাবৎ তিনি বাসায় যেতেন না বলে তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ।