ট্রাম্পের সাবেক উপদেষ্টা নাভারোর ৪ মাস জেল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে (৭৪) চার মাসের কারাদণ্ড ও সাড়ে ৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। কংগ্রেসকে অবমাননার দায়ে বৃহস্পতিবার নাভারোর বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। তবে তিনি এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার তদন্তে কংগ্রেসকে সহযোগিতা করতে অস্বীকার করার পর নাভারোর বিরুদ্ধে এ মামলা করা হয়। নাভারো ৬ জানুয়ারির ঘটনায় জবানবন্দি দিতে অস্বীকার করেছিলেন।

ফেডারেল প্রসিকিউটররা বলেন, নাভারো আইনের শাসনের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আনুগত্যের পথ বেছে নিয়েছেন। তাকে ছয় মাসের কারাদণ্ড দিতে আবেদন করেন তারা। কিন্তু নাভারোর আইনজীবীরা দাবি করেন তাদের মক্কেল বিদ্রোহবাদী নন, তাকে যেন সাজা না দেওয়া হয়।

নাভারোকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সিলেক্ট কমিটি একটি সমন দিয়েছিল। কিন্তু তিনি অনুরোধ করা ইমেল বা নথিগুলো হস্তান্তর করেননি। কমিটিকে নাভারো বলেন, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগীকে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় কিনা।

কিন্তু বিচারক বলেন, এমন কোনো প্রমাণ নেই ট্রাম্প অনুরোধ করতে পারতেন বা নির্বাহী বিশেষাধিকার নাভারোকে কমিটির সমন উপেক্ষা করার অনুমতি দিতে পারে। গত বছর ওয়াশিংটন ডিসিতে দুইদিন ধরে চলা একটি বিচারের পর ১২ সদস্যের জুরি চার ঘণ্টার আলোচনা শেষে তাকে দোষী সাব্যস্ত করে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা ক্যাপিটল হিলে সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হয়। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এরই মধ্যে ১২০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।