উইন্ডিজের ৩১১ রানের জবাব দিতে নেমে ৫৪ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। সেখান থেকে প্রথমে অ্যালেক্স ক্যারি (৬৫) ও প্যাট কামিন্স (৬৪*) কে নিয়ে ২৪২ পর্যন্ত দলকে নিয়ে গিয়েছিলেন উসমান খাজা। ক্যারিবীয়দের ধরতে যখন আর ৬৯ রান দরকার, হঠাৎ কোত্থেকে এসে কেভিন সিনক্লেয়ার আউট করে দেন খাজাকে। মামুলি অফস্পিন, অফ স্টাম্পের অনেক বাইরে থেকে ড্রাইভ করতে গিয়েছিলেন খাজা। বল ব্যাটে লেগে চলে যায় একমাত্র স্লিপের হাতে। আর পায় কে সিনক্লেয়ারকে। হাওয়ায় ডিগবাজি দিয়ে ২০২৩ বর্ষসেরা টেস্ট ক্রিকেটারকে আউট করে প্রথম টেস্ট উইকেট উদযাপন করেন অভিষিক্ত স্পিনার। খাজা ১৩১ বলে ১০ বাউন্ডারিতে ৭৫ রান করে ফেরেন।
কামিন্স এরপর তৃতীয় ফিফটিতে ক্যারিয়ার সর্বোচ্চ ৬৪ রানের হার না মানা ইনিংসে দলকে ২৮৯ রানে নেবার পর প্রথম ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার।
২২ রানে পিছিয়ে ইনিংস ঘোষণা যে উদ্দেশ্য নিয়ে অস্ট্রেলিয়ার, তা সফল হয়েই গিয়েছিল। উইন্ডজের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন হ্যাজেলউড অষ্টম ওভারে। তেজনারায়ন চন্দরপল মাত্র ৪ রানে আউট হয়ে যান। কিন্তু এরপর আলোর স্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা। উন্ডিজ এগিয়ে ৩৫ রানে।