চার শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে চার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চাটখিল থানা পুলিশ।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষার্থীদের ধর্ষণের বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে চাইলে তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। চাটখিল থানার ওসি মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বলাৎকারের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম চার শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেন। ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরে তারা চাটখিল থানায় অভিযোগ দেন। বৃহস্পতিবার এক শিশুর মা বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

মাদ্রাসাটির পরিচালক আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকালে কয়েকজন অভিভাবক মাদ্রাসায় এসে তাদের সন্তানদের নির্যাতনের অভিযোগ করলে তিনি ছুটিতে থাকা ওই শিক্ষকের সঙ্গে কথা বলে সুরাহা করার প্রস্তাব দেন। পরে শিক্ষার্থীদের অভিভাবকরা থানায় ওসির কাছে ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দেন। অভিভাবকদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন তিনি।

চাটখিল থানার (ওসি) মো. ইমদাদুল হক বলেন, এক ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।