নোয়াখালীতে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু, যা জানা গেল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক পুত্রবধূ। গত শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্বশুর এবং রবিবার (২৫ অক্টোবর) সকালে পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটে। মাত্র সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ওই দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের প্রবীণ কৃষক মো. মফিজুর রহমান (৭০) এবং তাঁর মেজো ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী রাহিনা আক্তার (৩২)।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়। শ্বশুরের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পুত্রবধূ রাহিনা আক্তার। প্রিয় শ্বশুরের মৃত্যুশোকে আহাজারি করতে করতে রবিবার ভোরের দিকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লিচিকিৎসক ডেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।

পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে ইউপি সদস্য জানান, মফিজুর রহমান অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন। পরিবারের সবাইকে আগলে রাখার পাশাপাশি পুত্রবধূকে তিনি নিজের মেয়ের মতোই আদর করতেন। পুত্রবধূও তাঁকে বাবার মতোই ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। এই গভীর আত্মিক সম্পর্কের কারণেই শ্বশুরের মৃত্যুশোক সইতে পারেননি রাহিনা।

রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে শ্বশুর এবং  সন্ধ্যার পর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয়। একই পরিবারে এমন আকস্মিক দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীরভাবে শোকাহত।

সর্বশেষ সর্বাধিক পঠিত