ঢাবির ফার্মেসি অনুষদের নতুন ডিন ড. ফিরোজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের নতুন (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ২৫ ডিসেম্বর ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে যোগদান করায় ডিনের পদটি শূন্য হয়। সেই শূন্য পদে অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করেছেন।