৪ দিন আগে নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল বাগানে

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি। নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাধবসিংহ গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালের এক নারী মাধবপুর গ্রামের টিপু সুলতানের ঘরের পেছনে সুপারি বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। এ আঘাত মৃত্যুর কারণ হতে পারে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, মামুনের স্বজনেরা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।