মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী গায়িকা ভবতারিণী

মাত্র ৪৭ বছর বয়সে মারা গেলেন জাতীয় পুরস্কারজয়ী দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ভবতারিণী রাজার। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। সবশেষ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর, গায়িকা ভবতারিণী গত ছয় মাস ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য কিছুদিন আগেই শ্রীলঙ্কায় গিয়েছিলেন। সেখানেই একটি হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তার। মরদেহ চেন্নাইতে আনার কথা আজ শুক্রবার (২৬ জানুয়ারি)।

এ গায়িকা সংগীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে। সুরকার কার্তিক রাজা ও যুবান শঙ্কর রাজা সম্পর্কে দাদা হয় তার। সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৯৫ সালে। ওই সময় ‘রাসাইয়া’ সিনেমায় নেপথ্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে এ গায়িকার।

২০০১ সালে এ গায়িকা তামিল সিনেমা ‘ভারতী’র অন্তর্গত ‘মেইল পোলা পোন্নু ওন্নু’ গানটির জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০২ সালে রেবতীর ‘মিত্র, মাই ফ্রেন্ড’ সিনেমায় সুর দিয়েছিলেন ভবতারিণী। পরবর্তীতে ‘ফির মিলেঙ্গে’সহ কয়েকটি সিনেমায় কাজ করেন। সবশেষ ‘মায়ানাধি’ নামের একটি মালায়ালম সিনেমায় কণ্ঠ শোনা গিয়েছিল তার।