দ্বাদশ সংসদ নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৩০ জানুয়ারি ফের কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি সারা দেশে সকল মহানগর, জেলা, উপজেলা, পৌরসহ সকল ইউনিটে কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হবে।
এর আগে শনিবার বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে।
এদিকে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইভাবে রাজধানীর পুরানা পল্টন থেকে গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত পুরো এলাকা ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।