বিপিএলে প্রথম ‘মাসসেরা রেফারি’ আলমগীর সরকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিমাসের সেরা রেফারিদের সম্মানিত করার উদ্যোগ নেয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। সেই ধারায় ডিসেম্বর মাসের ‘সেরা রেফারি’ হিসেবে নির্বাচিত হন আলমগীর সরকার। পুরস্কার হিসেবে ক্রেস্টের সঙ্গে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকার চেক।

প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের শেখ রাসেল-ফর্টিস ম্যাচশেষে কিংস অ্যারেনায় এ সম্মাননা প্রদান করা হয় বাফুফের পক্ষ থেকে। বাফুফের সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান পুরস্কার তুলে দেন মাসের সেরা রেফারি আলমগীরের হাতে।

ইমরুল হাসান এ প্রসঙ্গে বলেন, ‘যেকোনো টুর্নামেন্টে সবসময় খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়, রেফারিদের সেভাবে মূল্যায়িত করা হতো না। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘোষণা দেই যে প্রতিমাসেই সেরা রেফারিদের সম্মান জানানো হবে। পাশাপাশি বছরের সেরা রেফারিকেও সম্মানিত করা হবে। সেই পদক্ষেপের ধারাবাহিকতা হিসেবে আজ আমরা ডিসেম্বর মাসের সেরা রেফারিকে সম্মানিত করলাম। আমার মনে হয় এর মাধ্যমে যারা রেফারিং করেন তারা নিজেদের প্রতি আরও বেশি যত্নবান হবেন। যাতে আরও সুষ্ঠু, নির্ভুল ও নিরপেক্ষভাবে খেলা পরিচালনায় মনোনিবেশ করতে পারেন।’

নারী রেফারিং এর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইমরুল বলেন, ‘এ নিয়ে ভবিষ্যতে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’