পশ্চিমবঙ্গে রাহুলের নিরাপত্তা শঙ্কা!

ভারতের বিরোধী রাজনীতির পরিসরে অস্বস্তি কমছেই না। বিহারের চলতি অস্থিরতার মধ্যে পশ্চিমবঙ্গেও কংগ্রেসের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্পর্কের অস্বস্তি কাটছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ চলাকালে পশ্চিমবঙ্গে নিরাপত্তা শঙ্কা দেখছে সর্বভারতীয় স্তরের প্রধান বিরোধী দল। এ নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে মল্লিকার্জুন খাড়গে মূলত রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ চলাকালে হামলার শঙ্কা প্রকাশ করেন।

ভারতে বিজেপিবিরোধী ‘ইনডিয়া’ জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সেখানে প্রধান দল। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা নিয়ে আলোচনা করলেও রাজ্য কংগ্রেসের আপত্তিতে তা সফল হচ্ছে না। কয়েক দিন আগে মমতা একলা চলার বার্তা দেন এবং রাহুলের যাত্রায় যাওয়ার আমন্ত্রণ না পাওয়ার কথা জানান। এসব ঘটনাপ্রবাহের পর এলো খাড়গের চিঠি।

চিটিতে খাড়গে লেখেন, ‘পশ্চিমবঙ্গে রাহুলের যাত্রায় গোলমালের আশঙ্কা করছি। অপ্রীতিকর কিছু এড়াতে উপযুক্ত পদক্ষেপ নিন।’ এতে আরও বলা হয়, রাহুল যাতে নিরাপদে ও সুষ্ঠুভাবে রাজ্যে কর্মসূচি চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী যেন পর্যাপ্ত ব্যবস্থা নেন।

গত বৃহস্পতিবার সকালে আসাম থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারের বক্সীরহাটে প্রবেশ করে রাহুলের যাত্রা। বর্তমানে সেই যাত্রা জলপাইগুড়িতে রয়েছে। কোচবিহারে পৌঁছানোর পরই জরুরি প্রয়োজনে রাহুলকে দিল্লি ফিরে যেতে হয়। কংগ্রেস সূত্রের খবর, আজ রবিবার শিলিগুড়িতে যাত্রায় যোগ দেওয়ার কথা রাহুলের। কিন্তু সেখান থেকে যাত্রা এড়িয়ে যেতে পুলিশি অনুমতি পাওয়া যাচ্ছে না।

এমন আবহের মধ্যে কংগ্রেস সভাপতি লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, কিছু দুষ্কৃতি যাত্রায় গোলমাল করতে পারে। আমি জানি না, এর পেছনে রাজ্য প্রশাসনকে বিড়ম্বনায়  ফেলার উদ্দেশ্য রয়েছে কি না। নাকি এর পেছনে যাত্রাভঙ্গের উদ্দেশ্য রয়েছে।’ চিঠিতে গান্ধী পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর ‘সুসম্পর্কের’ কথা স্মরণ করিয়ে দেন খাড়গে এবং রাহুলের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। 

মণিপুর থেকে রাহুলের যাত্রা শুরু হওয়ার পর আসামে রাহুলের যাত্রায় গোলমালের ঘটনা ঘটে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল কংগ্রেস। মমতাকে দেওয়া চিঠিতে  সেই প্রসঙ্গও টেনেছেন খাড়গে।