গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরায়েল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম

গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে সংস্থাটির প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সন্তান ধারণ ও জন্মদানের সক্ষমতার ওপর ভয়াবহ প্রভাবের চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলের কর্মকা-ের কারণে গাজায় বন্ধ্যত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়েছে, যার মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থানে অ্যামনেস্টি নেই বলেও স্বীকার করেছে সংস্থাটি।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিলিস্তিনি ভূখ-ে বেসামরিক বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কো-অর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তোলে।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশ করেছে। এ ছাড়া সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে, যার মধ্যে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরায়েলি হামলায় অনেক নারী ও কিশোরী নিহত বা আহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন কিংবা নিজেদের নবজাতক শিশুর দেখাশোনা করেছেন।

অ্যামনেস্টির মতে, চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসাসেবা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়া প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকট অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়েছে।

অ্যামনেস্টি এসব সংকটের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধকে দায়ী করেছে। সংস্থাটির মতে, এসব বিধিনিষেধের কারণে মা ও নবজাতকের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

প্রতিবেদনের এসব পর্যবেক্ষণের ভিত্তিতে অ্যামনেস্টির মহাসচিব ক্যালামার্ড আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা ‘গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না’, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আদালতের তদন্তে ‘লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজনন স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো’ অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত