বালুবোঝাই মাহিন্দ্রচাপায় মাদারীপুর জেলা আদালতের উকিলের সহকারী (মুহুরি) নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয় জনতার সাথে ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে কালকিনি-ভূরঘাটা আঞ্চলিক সড়কের এঘটনা ঘটে। এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করে নেছার হাওলাদার নামের এক মুহুরি কালকিনি-ভূরঘাটা রাস্তা দিয়ে মাদারীপুর জেলা আদালতে যাচ্ছিলেন। এ সময় কালকিনি সদর থেকে আসা বালুবোঝাই মাহিন্দ্র পেছন থেকে মোটরসাইকেলের ওপর উঠিয়ে দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহত নেছার উদ্দিন কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজদী গ্রামের মৃত কাদের মাওলানার ছেলে। ঘটনার পরপর ঘাতক মাহিন্দ্র চালক ও হেলপার পালিয়ে যায়।
জানা যায়, বালুবোঝাই মাহিন্দ্রচাপায় নিহত হওয়ার পরপর উত্তেজিত জনতা মাহিন্দ্রটিতে আগুন ধরিয়ে দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে মাহিন্দ্রর আগুন নেভাতে গেলে স্থানীয়রার তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। শুরু হয় পুলিশ-জনতা ধাওয়া-পাল্টাধাওয়া। এরপর পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে উত্তেজিন জনতা ছত্রভঙ্গ হয়। এঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যসহ অন্তত কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ মাসুদ আলম জানান, ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, এ ঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। এব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।