প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু ৭ জানুয়ারির বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরে বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামে এক নাগরিক সংবর্ধনায় এ সব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান কাজ হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন সেই জায়গাতে ধরে রাখা।
বাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘রমজানের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ, তেল ও ডাল আমদানি করা হবে। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এই আমদানির বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রীর কথা হয়েছে। রমাজনের আগেই তা চালু হবে বলে কথা দিয়েছেন। সুতারাং রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী সিলেট-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মোমেন, চিত্র নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুব আলম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।