ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চায় এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিজীবি মহল ও সকল পর্যায়ের করদাতাদের কাছ থেকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা চেয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে বাজেট সংক্রান্ত প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে পাঠাতে হবে।

একইসঙ্গে সেই প্রস্তাবনার একটি সফট কপিও পাঠাতে হবে এনবিআরের ই-মেইলে। এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়, তারাও সরাসরি কিংবা ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এনবিআর জানিয়েছে, সংস্থাটি অধিকতর গণমুখী, করদাতা ও ব্যবসাবান্ধব এবং প্রতিনিধিত্বশীল বাজেট প্রণয়ণে আগ্রহী। এজন্য বিভিন্ন সংস্থা ও ব্যক্তি পর্যায় থেকে বাজেট প্রস্তাব আশা করছে।