আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ানো হলো আয়কার রিটার্ন দাখিলের সময়।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হলো।
জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে রোজা, নির্বাচন, অনলাইন রিটার্নে অনভ্যস্ততা বিবেচনায় নিয়ে করদাতাদের ফের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে রিটার্ন জমার তারিখ ১ মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংকটসহ নানা কারণ দেখিয়ে এর আগে তিন দফা সময় বাড়ায় এনবিআর। এ নিয়ে চারবারের মতো রিটার্ন দাখিলের সময় বাড়লো।
এর আগে, চলতি ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন জমার সময় দুই মাস বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)। অন্যদিকে, এক মাস সময় বাড়ানোর আবেদন করে চট্টগ্রাম করে আইনজীবী সমিতি। সময় বাড়ানোর সপক্ষে ১৩টি কারণ তুলে ধরা হয়।
আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ঠ সাড়া না পড়ায় তিন দফায় তিন মাস সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। প্রথমে রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। পরে তা আরেক দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। এরপর তা ২৮ ফেব্রুয়ারি করা হয়।
এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন ১ কোটি ২৩ লাখ। এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। সে হিসেবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ সুবিধার আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
