স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

দেশে ব্যবহৃত টিকা করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর

দেশে ব্যবহৃত করোনার টিকা নতুন উপধরন জেএন.১-এর বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তবে এই ভ্যারিয়েন্টে প্রাণহানির শঙ্কা কম।

গতকাল রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

অধিদপ্তরের ডিজি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে দেশে যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকর এবং এটা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ডিজি। তিনি বলেন, ‘আমাদের বাতাসে যে পরিমাণ ধুলাবালি, ময়লা আছে তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ অবস্থাতেই আমরা মাস্ক পরতে বলি। এ অবস্থাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি। ফ্রন্টলাইনে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আমাদের কাছে টিকা আছে। তাদের টিকা নিয়ে নিতে বলেছি।’

এর আগে গত ১৮ জানুয়ারি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন ধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন পাওয়া গেছে।