বেসরকারি আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে রাজনৈতিক ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী, ভূমিকেন্দ্রিক স্বার্থগোষ্ঠী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বড় ডেভেলপারদের একাংশ একটি শক্তিশালী মাফিয়াতন্ত্র গড়ে তুলেছে, যা নীতি নির্ধারণী ও সামগ্রিক নিয়ন্ত্রক কাঠামোকে কার্যত জিম্মি করে ফেলেছে। ঢাকার শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য ও সুপারিশ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার ধানম-ির মাইডাস সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়। সংস্থাটি আবাসন বাজার তদারকির জন্য একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্য ‘স্বাধীন অভিযোগ নিষ্পত্তি বোর্ড’ গঠনের সুপারিশ করে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন ব্যবস্থা ও আবাসনের সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানির ইতিবাচক অবদান রয়েছে। পাশাপাশি তারা জিডিপিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তবে এ খাতে বিভিন্ন ধরনের হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও জমি দখলের বিষয়গুলোও অস্বীকার করার কোনো সুযোগ নেই।
গবেষণার ফলে দেখা গেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, যা রিয়েল এস্টেট কোম্পানির পরিভাষায় ‘স্পিড মানি’ বলা হয় এবং কোম্পানির প্রকল্প বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে রাখা হয়। স্বাভাবিক ক্ষেত্রে কোম্পানির নিবন্ধন প্রাপ্তি থেকে শুরু করে বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে পুরো প্রক্রিয়ায় একরপ্রতি সামগ্রিক নিয়মবহির্ভূত ব্যয়ের পরিমাণ ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ ২৫ একরের একটি বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে এ ধরনের ব্যয়ের পরিমাণ আনুমানিক ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত। এ ক্ষেত্রে নিয়ম মেনে সব নথিপত্রসহ আবেদন জমা দেওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানগুলো
ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রেখে বা বিলম্ব ঘটিয়ে আবেদনকারীকে অনানুষ্ঠানিক যোগাযোগ ও নিয়মবহির্ভূত লেনদেনে বাধ্য করার অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রিয়েল এস্টেট কোম্পানি কর্র্তৃক প্লট হস্তান্তরে বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফাভাবে বরাদ্দ বাতিল ও পরিশোধিত অর্থ ফেরত দিতে গড়িমসি বা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জ ইত্যাদি বাবদ বিভিন্ন খাতে প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে প্রতিকাঠায় মোট মূল্যের বাইরে প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হয়, যা আধুনিক ও বিলাসবহুল আবাসন প্রকল্পের ক্ষেত্রে বহুলাংশে বৃদ্ধি পায়। এ ছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমি, খাসজমি ও নদীসংলগ্ন জমি নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর আবাসন প্রকল্প সম্প্রসারণ ও সরকারি সম্পদ ব্যবহার করে। প্রভাবশালী রাজনীতিবিদ, দলীয় নেতা বা তাদের নিকটাত্মীয়দের রিয়েল এস্টেট কোম্পানির পরিচালনা পর্ষদে সম্পৃক্ততার মাধ্যমে কোম্পানির নিয়মবহির্ভূত কর্মকান্ডে রাজনৈতিক প্রভাব ও আইনি সুরক্ষার সুযোগ সৃষ্টি করে।
গবেষণা দেখা গেছে, রিহ্যাব অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুবিধাকে বিনিয়োগ ও আবাসন বাজার চাঙা রাখা, অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি এবং অর্থ পাচার রোধের একমাত্র উপায় ইত্যাদি সুনির্দিষ্ট ‘ন্যারেটিভ’ বা প্রচারণার মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত নিজেদের অনুকূলে প্রভাবিত করতে প্রকাশ্য জনমত ও নীতি-সমর্থন গড়ে তোলে। আইনি কাঠামো পর্যালোচনায় দেখা গেছে, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫(৭)- তে নিবন্ধন নবায়নের ক্ষেত্রে কোনো রিয়েল এস্টেট কোম্পানির পূর্ববর্তী প্রতারণা, অনিয়ম বা চুক্তি লঙ্ঘনের মতো অপরাধমূলক কর্মকান্ড বিবেচনা করার কোনো বাধ্যবাধকতা না থাকায় অসাধু ও অনিয়মের সঙ্গে জড়িত কোম্পানিগুলো সহজেই তাদের নিবন্ধনের বৈধতা বজায় রাখার সুবিধা পেতে পারে। আইনি বাধ্যবাধকতার ক্ষেত্রে, বিদ্যমান আইন ও বিধির নানা ফাঁকফোকর, শিথিল প্রয়োগ এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে রিয়েল এস্টেট ডেভেলপাররা নিয়মিতভাবে নীতি ও আইন লঙ্ঘন করছে। এ ছাড়া, কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি, অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কিংবা পুরনো তারিখে ও নিয়মবহির্ভূতভাবে অনুমোদন নিয়ে আবাসিক প্রকল্প বাস্তবায়ন ও প্লট বিক্রি করে।
রিয়েল এস্টেট কোম্পানির সক্ষমতা বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ রিয়েল এস্টেট কোম্পানির প্রয়োজনীয় সংখ্যক কর্মী, নির্ধারিত পরিমাণ জমি ও অবকাঠামো নেই। বৃহৎ ও প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য ও স্বেচ্ছাচারী কর্মকান্ড নিয়ন্ত্রণে রিহ্যাব ও বিএলডিএ ব্যর্থ। পাশাপাশি অনুমোদনহীন আবাসিক প্রকল্প ও রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে তাদের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। নিয়ন্ত্রক ও তদারকি কর্র্তৃপক্ষের সক্ষমতা ক্ষেত্রে দেখা গেছে, রাজউক, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষের জনবল সংকটের কারণে কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের প্রাক্তন রিসার্চ ফেলো অতনু দাস।