মায়ের হাত ছেড়ে দৌড়, মুহূর্তেই প্রাণ গেল আদিবার

শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রাণীসার এলাকার বোরহান উদ্দিনের মেয়ে। সে নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার স্কুল ছুটি শেষে মা মাহামুদা বেগমের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আদিবা। এ সময় আদিবা তার মায়ের হাত থেকে ছুটে দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পরে আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবা ইসলামকে মৃত ঘোষণা করেন।

আদিবার মা মাহমুদা বেগম বলেন, সবসময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরত। আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌড় দিয়েছিল। আগে জানলে ওকে কখনোই হাতছাড়া করতাম না। আমার মেয়েটি আজ আমাকে ছেড়ে চলে গেল। 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, নিহতের পরিবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।