নতুন গান নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। টিএম ফিল্মসের ব্যানারে ‘ভাল্লাগছে না’ শিরোনামের এ গানটি লিখার পাশাপাশি সুর করেছেন কৌশিক হোসেন তাপস।
মজার অথচ তির্যক কথায় সাজানো এই গানটির মুখটা এমন- ‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না..’। তাহলে কী করতে ভালো লাগবে মিমির? সেটির জবাবও আছে এতে- ‘মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে/ সব ভুলে মন খুলে আবার ভালোবাসতে’।
মিমি বলেন, ‘‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’
গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ‘ভাল্লাগছে না’ গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।
গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। ‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।