‘টিকিট’ এর শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন সিয়াম-সাফারা!

নিজস্ব জনরার বাইরে গিয়ে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। নির্মাণ করেছেন নতুন সিরিজ ‘টিকিট’। এরমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্টলুক, ফোরটেস্ট ও ট্রেলার যেখানে এর অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক ও সাফা কবিরকে বেশ ভিন্ন লুকেই দেখা গেছে।   

জানা গেছে, সিরিজটির শুটিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে পড়েছিল পুরো ‘টিকিট’ টিম। গেল বছরের ১৮ অক্টোবর  শুটিং করার সময় যে বাসে সব শিল্পীরা ছিলেন সেই বাস গিয়ে শুটিংয়েরই এরই একটা পিক-আপ এ ধাক্কা দেয়। কারো কোনো তেমন ক্ষয়-ক্ষতি না হলেও সবাই ভয়ে কিচ্ছুক্ষণ স্তব্ধ হয়ে ছিলেন।

শুধু তাই নয়, এই সিরিজের শুটিং করতে গিয়ে নানারকম সব অদ্ভুত ঘটনার মুখোমুখি হন তারা। শুটিংয়ের বাস যখন মাঝ নদীতে ফেরির উপর ঘড়ির কাটায় সময় তখন প্রায় রাত ৩টা। হঠাৎ করে আশপাশ থেকে ভেসে আসে চিৎকার চেচামেচি। কী হয়েছে? কী হয়েছে? বলে এগিয়ে যাওয়ার পর দেখা যায়, ফেরির উপর একটা শুটিং ইউনিটের এক তরুণীকে নাকি জ্বীনে ধরেছে! ফেরির দেয়ালে উলটা হয়ে ঝুলে ছিলেন সেই তরুণী। প্রায় ১০জন মানুষ একসঙ্গে সেই মেয়েকে ধরে রাখতে পারছিলেন না। তার এক ধাক্কায় এই পাশ থেকে ওই পাশে উড়ে যাচ্ছিল সবাই।

tikit shooting-safa kabir

পরিচালক ভিকি জাহেদ জানান, এই সিরিজটির শুটিং করতে গিয়ে নানারকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এখানে অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ প্রায় ১৩০ জনের টিম কাজ করেছে। এত বড় একটা টিম, এত বড় আর্টিস্ট নিয়ে পুরো ১৫ দিনের শুট হয়েছে রাতের বেলা। যেটা ছিল পুরো টিমের জন্য বেশ চ্যালেঞ্জিং।

নির্মাতা আরও জানান, সিরিজের প্রায় অর্ধেক অংশই গ্রিন স্ক্রিনে শুট করা হয়েছে। হলিউড, বলিউডে নিয়মিতভাবেই গ্রিন স্ক্রিনে শুট হলেও, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এমন শুটিং খুব একটা দেখা যায় না। 

অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, যদিও কোনো শুটিংয়ে শিল্পীদের কন্টিনিউটি মেইনটেইন করার দায়িত্ব সহকারী পরিচালকদের কিন্তু এটাতে সেই দায়িত্ব অনেকটা পালন করেছেন সাফা কবির! শুটিংয়ে সিয়ামের কন্টিনিউটি ঠিক রাখার জন্য প্রতি মুহূর্তে ছবি তুলে রাখতেন সাফা। সেই হুট করে তোলা ছবি থেকেই তৈরি হয়েছে ‘টিকিট’-এর প্রথম পোস্টার। এছাড়াও ‘টিকিট’-এর শুটিং-এ এতো এতো ঘটনা ঘটেছে যে সেই গল্প দিয়েই এখন নাকি নতুন একটা সিনেমা বানিয়ে ফেলা যাবে বলে মনে করছিলেন টিকিট-এর অভিনয়শিল্পীরা।

সবশেষে ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম জনরা নিয়ে কাজ করি এটা তার থেকে আলাদা। এটা স্যাটায়ার, ব্ল্যাক কমেডি এবং থ্রিলারের মিশেল। কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।

স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটি আগামী ১ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।