নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণ এবং নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সকল জেলা সদরে ৩০ জানুয়ারি বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। সরকারের ট্রাক সেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চাহিদামতো দ্রব্য-সামগ্রী যাওয়া যাচ্ছে না। অপরদিকে গ্যাস ও বিদ্যুতের চরম সঙ্কটে দেশের নাগরিকগণ ও শিল্প-কারখানা মহাবিপাকে পড়েছে। গৃহিণীরা ঠিক মতো রান্না করতে পারছেন না। গার্মেন্টসহ কল-কারখানার উৎপাদন কমে যাওয়ায় যথাসময়ে শিপমেন্ট করা যাচ্ছে না। ফলে রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার মুখে পড়েছে। সরকারের ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতি পাচ্ছে না। দেশে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে। তামাশার ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।
তিনি উল্লেক্ষ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সকল জেলা সদরে আগামীকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করা হবে। ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতের সকল জেলা সংগঠন এবং জেলাবাসীর প্রতি আহ্বান জানান।