বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নামে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডকে ‘মিথ্যা ও ভুয়া’ বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জুবায়ের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামাত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডটিকে মিথ্যা ও ভুয়া উল্লেখ করে তিনি এর নিন্দা জানান এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত করা ও তাদের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান জামায়াতের এই নেতা।