‘বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির পেছনে প্রযুক্তিগত জ্ঞানের সল্পতা রয়েছে’

বাংলাদেশ ব্যাংকের (বিবি) রির্জাভ চুরির মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এই চুরির পেছনে অবহেলা ও প্রযুক্তিগত জ্ঞানের সল্পতা রয়েছে বলে মনে করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। 

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিআইডি সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) সঙ্গে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিআইডি প্রধান। সোমবার ক্র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য পাওয়া যায়।

মত বিনিময় সভার এক পর্যায়ে বিবি রির্জাভ চুরির মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আলী মিয়া জানান, মামলাটি তারা তদন্ত করছেন। এটা মোটামুটি বেশ ভালো একটা পজিশনে আছে। বাংলাদেশ সরকারও চেষ্টা করছে। আর এই সংক্রান্ত নিউইয়র্কে একটি মামলা হয়েছে। সেই মামলার বিচারক ইতিমধ্যে শুনানি শেষ করেছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের মামলার চার্জশিট দিলে কি ওই দেশ থেকে আসামি ধরে আনতে পারবো?  ইন্টারপোলের সাপোর্ট ছাড়া তো আমরা আসামি ধরে আনতে পারব না।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা যেটা চাইবো, ফান্ডটা কীভাবে ফিরিয়ে আনা যায়। মামলা তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্তে যেটা পেয়েছি যে, এখানে নেগলেজেন্সি (অবহেলা) আছে, টেকনিক্যালি সাইন্ড না (প্রযুক্তিগত জ্ঞানের সল্পতা)। আসলে বাস্তবতা হলো তাই।’

মতবিনিময়কালে সিআইডি প্রধান ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, পুলিশ-সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক। উভয়ের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যে কোন অপরাধের রহস্য উদঘাটন করা সম্ভব। সিআইডি প্রধান নবনির্বাচিত কমিটির ভবিষ্যৎ পথচলার সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং অপরাধ জনিত যে কোন তথ্য সিআইডিকে অবহিত করার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে জিআইজি মো. মাইনুল হাসান, অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম,  মো. কামরুল আহসান, বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মিনহাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, ইসি সদস্য আলী আজম ও কালিমউল্ল্যাহ নয়ন উপস্থিত ছিলেন।