দুর্বৃত্তের বিষে মরল ছয় পুকুরের ২০ লাখ টাকার মাছ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬টি পুকুরে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে আনুমানিক ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকায় মতিউর রহমান মানিকের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

জানা গেছে, গত বরিবার সন্ধ্যায় পুকুরগুলোর মালিক মতিউর রহমান মানিক বাজারে চলে যান। এই সুযোগে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ফোন দিলে তিনি এসে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান মৎস্য চাষি মানিক।

সরেজমিনে দেখা যায়, পুকুরগুলোতে গুলশা, পাবদা, শিংসহ ছোট-বড় বিভিন্ন মাছ মরে ভেসে আছে। পুকুরের মালিক মতিউর রহমান বলেন, প্রায় ১ একর ৭০ শতক জায়গাতে আমি ৬টি পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছি। এবার পুকুরে গুলশা, পাবদা, শিংসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ইতোমধ্যে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।  

আরেক মৎস্য চাষি মিজানুর রহমান রতন বলেন, রাতের অন্ধকারে এভাবে যদি মাছ ব্যবসায়ীদের ক্ষতি করা হয়,তবে আমাদের মতো মৎস্যচাষীরা মাছ চাষে উৎসাহ হারিয়ে ফেলবে। আমরা এর বিরূদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।