জুমার নামাজে ওসির বার্তা

‘সন্তানের খোঁজ রাখুন, অপরাধ ঠেকাতে সহযোগিতা করুন’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রুমন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সন্তানদের পারিবারিক, নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌরসভার বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ওসি সাজ্জাদ রুমন। মসজিদটি সাব-রেজিস্ট্রি অফিসের পাশে অবস্থিত।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে ওসি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পরিবার ও সমাজের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণদের অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শুধু পড়াশোনার প্রতি নজর দিলেই হবে না। তাদের পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দিতে হবে। সন্তান সন্ধ্যার পর কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কীভাবে সময় কাটায়—এসব বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখতে হবে। সন্তানের বন্ধু ও চলাফেরার বিষয়ে সচেতন থাকলে অনেক অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

ওসি সাজ্জাদ রুমন আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় মুসল্লিরা সামাজিক অপরাধ প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।



সর্বশেষ সর্বাধিক পঠিত