প্রকাশিত সংবাদ নিয়ে ‘দুর্দান্ত ঢাকা’র প্রতিবাদ

গত ২১ জানুয়ারি দেশ রূপান্তর-এর ১০-এর পাতায় ও অনলাইনে ‘বিপিএলের জার্সিতে জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপন’ শিরোনামে  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুর্দান্ত ঢাকা। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আফতাব খানের পক্ষে আইনজীবী মামুন চৌধুরীর পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, 
'kriknews মাধ্যমে জুয়ার সারোগেটেড ব্র্যান্ডিং করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর, অনুমাননির্ভর ও মিথ্যা, যা দুর্দান্ত ঢাকা দৃঢ়ভাবে অস্বীকার করে। প্রকৃত তথ্য এই যে kriknews কিংবা krik কি-ওয়ার্ড দিয়ে সার্চ করলে কোনোরূপ জুয়ার ওয়েবসাইট ও বিজ্ঞাপন দেখায় না। বস্তুত ক্রিকনিউজডটকম পোর্টালটি একটি স্পোর্টস পোর্টাল। পোর্টালটির মূল লক্ষ্যই হলো আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ক্রিকেট নিউজ পোর্টাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডিংয়ের জন্য এবার বিপিএলে দুর্দান্ত ঢাকার সঙ্গে সম্পৃক্ত হয়েছে।’

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘প্রকাশিত সংবাদ প্রতিবেদনে দুর্দান্ত ঢাকা দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে নেতিবাচকভাবে দুর্দান্ত ঢাকার লোগো ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটে (www.deshrupantor.com) প্রতিবেদনে দুর্দান্ত ঢাকার খেলোয়াড়দের ছবিও উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে, যা পাঠকের মনে দুর্দান্ত ঢাকা দল সম্পর্কে মারাত্মক নেতিবাচক ধারণা দেয়, যা স্পষ্টতই উদ্দেশ্যমূলক এবং চরম  মানহানিকর। সংবাদ প্রতিবেদনটিতে বিপিএল এবং দুর্দান্ত ঢাকাকে জড়িয়ে বাজি ও জুয়াসংক্রান্ত যে বিভ্রান্তিকর, অনুমাননির্ভর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা বিপিএল এবং দুর্দান্ত ঢাকার ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা ও উদ্দেশ্যমূলক।’

প্রতিবাদলিপিতে জানানো হয়, ‘সংবাদ প্রতিবেদনটি প্রকাশের আগে দুর্দান্ত ঢাকার কোনো কর্মকর্তার কোনো বক্তব্য বা ব্যাখ্যা গ্রহণ না করে একতরফা নেতিবাচক মানহানিকর সংবাদ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা ন্যায়ভিত্তিক সাংবাদিকতার নীতির পরিপন্থী। সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার অন্যতম মূলনীতি হচ্ছে সত্য প্রকাশ করা এবং জমনে বিভ্রান্তি না ছড়ানো। বিপিএল এবং দুর্দান্ত ঢাকা দলকে বিতর্কিত করার উদ্দেশ্যে উক্ত নেতিবাচক ও মানহানিকর সংবাদটি প্রকাশ করা হয়েছে।’