রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে রুবেল সরদার নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেলের বাড়ি রাজাবাড়ীর পাংশা উপজলার মাছপাড়া গ্রামের কালিনগর গ্রামে। তার বাবার নাম এলেম শেখ।

মামলা সূত্রে জানা যায়, রুবেল সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝে মধ্যেই তিনি তার স্ত্রী লিপি বেগমকে নির্যাতন করতেন। ২০২২ সালের ১৯ জানুয়ারি রুবেল সরদার তার স্ত্রী লিপি বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা এলেম আলী শেখ বাদী হয়ে ২০২২ সালের ২০ জানুয়ারি পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাড. উজির আলী শেখ বলেন, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ গ্রহণকরে এই রায় ঘোষণা করেছেন। এই রায়ের মধ্য দিয়ে সমাজের অপরাধের প্রবণতা কমবে। এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।