ঈশ্বরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মরাখলা সংলগ্ন মহরম আলী বনরাজ হর্টিকালচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত ডামেস আলীর ছেলে ফজলু মিয়া(৫৫)। নিহত ফজলু মিয়া উচাখিলা বাজারের মাছের আড়তে ব্যবসা করতেন।

জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জগামী একটি সিএনজি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মরাখলা সংলগ্ন বনরাজ হর্টিকালচারের সামনে আসা মাত্রই ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির ধাক্কায় ইজিবাইকটি উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।