বড় হচ্ছে সিলেটের হারের বৃত্ত

‘গতবার একটা আমেজ ছিল। দলটাকে এয়ারপোর্ট থেকে র‌্যালি করে ঢাকঢোল পিটিয়ে সিলেট শহরে আনা হয়েছিল। সেবার সবকিছুই ছিল খুব গোছানো। কিন্তু এবার কেন যেন সব ওলট-পালট মনে হচ্ছে।’ নিজ দল সিলেট স্ট্রাইকার্সের টানা চার নম্বর হার দেখে মাঠ ছাড়ার সময় এভাবেই সিলেটি ভাষায় নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন নগরীর আখালিয়া এলাকা থেকে খেলা দেখতে আসা যুবক জাবেদ। ১৩৭ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে হারের পর স্থানীয় দর্শকদের চোখে-মুখে হতাশার পাশাপাশি ছিল বিরক্তির ছাপ।

সিলেটে বিপিএল নিয়ে কারও সঙ্গে আলাপে গেলেই তারা স্মৃতি হাতড়ে বেড়ান। গেল আসরে লাক্কাতুরার পাড়ে বিপিএল উৎসব কতটা রঙিন ছিল তার প্রমাণ মেলে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায়। এবার অবশ্য গেলবারের তুলনায় আমেজ কম। শীত একটা কারণ বটে। তবে তার চেয়ে বড় ও প্রধান কারণ দলের টানা ব্যর্থতা।

ভালো দল নিয়েও মিলছে না সাফল্য। নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে আলাপ হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালির সঙ্গে। সিলেটের স্থানীয় মানুষ, সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচ বন্ধু ও এককালের সতীর্থ রাজিন সালেহ। যে রাজিনের অধীনে গেল বছর দুর্দান্ত ছিল এই দলটা, তারা কেন বছর ঘুরে শোনাচ্ছে হতাশার গল্প!

অলোক কাপালির চোখে ব্যর্থতার চারটি কারণ। তিনি বলছেন, সিদ্ধান্ত নিতে হচ্ছে ভুল। টস জিতে নেওয়া সিদ্ধান্তগুলো বারবার ব্যর্থ প্রমাণিত হচ্ছে। বড় কারণ, শান্তসহ দেশি ক্রিকেটারদের রান না পাওয়া। সেখানে বড় ঘাটতি দেখছেন অলোক। বিদেশিদের ব্যাপারে তিনি বলেন, ‘আসলে আপনি যদি অন্যান্য দলের কথা চিন্তা করেন কুমিল্লা বা খুলনার কথা, তাদের কথা চিন্তা করলে আমার মনে হয় ওই মানের না।’

গুরুত্বপূর্ণ দেশি ক্রিকেটারদের সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে না কি না, এমন প্রশ্নের উত্তরে কাপালি বলেন, ‘আমার কাছে মনে হয় জাকির এখন সেরা ফর্মে আছে। চার নম্বরে খেলছে সে। আমার মনে হয় ওকে যদি আমরা ওপরে ব্যাটিং করাই। যেমন আমরা যদি ভাবি সে ওপেনিংয়ে যাক কিংবা নম্বর থ্রিতে খেলুক ও ভালো করবে।’

গতকালের ম্যাচ হারের জন্য ব্যাটিং ইউনিটকে দুষছেন জাকির হাসান। নিজে ৩১ রান করা বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমরা ভালো স্কোর দিতে পারিনি। আজকের ম্যাচে বোলাররা ভালো বল করেছিল কিন্তু আমরা ওটা চেজও করতে পারিনি। হয়তো দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি।’ তিনি বলেন, হারতে থাকলে সেরা এগারো জন খেলোয়াড় ঠিক করাই কঠিন হয়ে দাঁড়ায়। গেল বছর ঘরের মাঠে ভালো করা সিলেট এবার কেন সিলেটে খারাপ করছে? জাকির বলেন, ‘আসলে হার তো সব সময়ই কষ্টের, হার কখনোই সুখের না। সিলেট আমাদের হোম, গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে।’

টানা হারে যে ধকলের মধ্যে আছে সিলেট, সেখান থেকে বের হয়ে আসা দলটার জন্য চ্যালেঞ্জিং। সিলেটবাসীর প্রত্যাশার পালে হাওয়া শূন্যতা। এ শূন্যতা পূরণে সিলেটে বাকি তিনটি ম্যাচে মাশরাফীর দলের করে দেখাতে হবে দারুণ কিছু।