মিরপুরে ভাইকে খুঁজতে গিয়ে বাবা জহির রায়হান শহীদ হন : অনল

ভাই শহীদুল্লা কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে চিরতরে হারিয়ে যান জহির রায়হান। জহির রায়হান ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন। 

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভাই শহীদুল্লাহ কায়সারও শহীদ হয়েছেন এটা তিনি জানতেন। তারপরেও সে সময় জহির রায়হানের নিকট বিভিন্ন ধরনের ফোন আসতো। জহির রায়হানের ছেলে অনল এমনটাই জানান দেশ রূপান্তরকে।

তিনি বলেন, ওইসকল ফোনে বলা হতো "আপনি আসুন, আপনার ভাইকে মিরপুরে আটকে রাখা হয়েছে, আপনি এলেই উদ্ধার করতে পারবেন।" 

অনল বলেন, "সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে মিরপুর অভিযানে যান। একমাত্র সিভিলিয়ান ছিলেন বাবা। কালাপানি পানির ট্যাংকের সামনে চারদিক থেকে বিহারী ও আর্মি সৈন্যরা গুলিবর্ষণ শুরু করে। সেসময় বাবা শহীদ হন। আমরা যা শুনেছি তা থেকে নিশ্চিত হয়েছি বাবা শহীদ হয়েছেন। কিন্তু বাবাকে কারা ফোন করতো তা এখনো রহস্যই রয়ে গেছে।" 

জানুয়ারি মাসের ৩০ তারিখে ভাইকে খুঁজতে গিয়ে চিরতরে হারিয়ে যান জহির রায়হান।