দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য রাখবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
দিদার বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সন্ধ্যায় নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এদিকে আজ দুপুরে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল করে নেতাকর্মীরা। সেখান থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয় বলে অভিযোগ করে বিএনপি।
যদিও পুলিশ কিছুক্ষণ পর মঈন খানকে ছেড়ে দেন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেছেন, ‘মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’