বড় ভাই টেস্ট দলে ছোট মাতাচ্ছেন যুব বিশ্বকাপ

১৯ বছরে পা দিতে এখনো সপ্তাহ তিনেক বাকি। এমন একটি পরিবার থেকে তিনি এসেছেন যেখানে তার পূর্বজরা ক্রিকেটের মানদণ্ড র্নিধারণ করে রেখেছেন অনেক উপরে। প্রতিনিয়ত তাই ক্রিকেট নৈপুণ্যের উন্নতির সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ের ভেতর দিয়েও যেতে হয় তাকে। যাকে নিয়ে কথা হচ্ছে তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান, মুশির খান।

যুব বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে ফিরেছিলেন। পরের ম্যাচেই আইরিশদের বিপক্ষে খেলেন ১১৮ রানের ইনিংস। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রান। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ খেললেন ১২৬ বলে ১৩১ রানের দারুণ ইনিংস। তাতে ভর করে ভারত সংগ্রহ করেছে ৮ উইকেটে ২৯৫ রান।

শিখর ধাওয়ানের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে যুব বিশ্বকাপে দুটি সেঞ্চুরির দেখা পেলেন মুশির। দক্ষিণ আফ্রিকায় খান বংশের ছোট সন্তান যখন বোলারদের ওপর এমন ছড়ি ঘোরাচ্ছেন, দেশের মাটিতে তার বড় ভাই সরফরাজ খান ‘নির্বাচকদের দরজা ভেঙ্গে’ ঢুকে পড়েছেন জাতীয় দলে। বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে অন্তত তেমনটাই মনে করেন।

২০১৯ সাল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন সরফরাজ। ২০১৯-২০ ও ২০২১-২০২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০’র বেশি রান। ঘরোয়া ক্রিকেটে ৬৬ ইনিংসে তার গড় ৬৯.৮৫, যা ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। এ তালিকায় এক-এ থাকা কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সর্বোচ্চ গড় ৯৫.১৪।

২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের হ্যারিস শিল্ড আন্তঃস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন সরফরাজ। ছোট ভাই মুশির আরেক ধাপ এগিয়ে চলতি যুব বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।

রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল বিশাখাপত্তম টেস্টের দল থেকে ইনজুরিতে ছিটকে যাওয়ার পর স্পিনার সৌরভ কুমার, স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে দলে আসেন ব্যাটার সরফরাজ। ঠিক তার আগেই ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত 'এ' দলের হয়ে আনঅফিসিয়াল টেস্টে ১৬০ বলে করেন ১৬১ রান।

সরফরাজ খান

সরফরাজের অনূর্ধ্ব-১৯ ব্যাচের কাগিসো রাবাদা, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, স্যাম কারেন, ইমাম-উল-হক রাচিন রবীন্দ্ররা আরও আগেই ঢুকে পড়েছেন নিজ নিজ জাতীয় দলে। এ দুই ভাইয়ের পিতা নওশাদ আহমেদ খান নিজেই কোচিং দিয়েছেন সন্তানদের।

মুশিরের সেঞ্চুরির দিনে নিউজিল্যান্ডকে মাত্র ৮১ রানে অলআউট করে ২১৪ রানের বিশাল জয় পেয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।