টানা দুটি করে ম্যাচ জিতে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার 'বি' গ্রুপের দুটি ম্যাচ হয়েছে দুটি ভিন্ন ভেন্যুতে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে মোহামেডান।
আবাহনীর জার্সিতে অভিষেক ম্যাচেই প্রথম গোলের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোকো ব্রুনিনহো। চোটের কারণে এতদিন তিনি ছিলেন সাইড বেঞ্চে। লিগের পাঁচ ম্যাচ ছিলেন দর্শক হয়ে। তবে কাল নামলেন এবং প্রথমার্ধে আবাহনীকে এনে দিলেন লিড। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান এমেকা ওগবাহ ও ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দাও একটি করে গোল করে দলকে তুলে নেন কোয়ার্টার ফাইনালে।
ব্রাদার্সকে ৬-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল আবাহনী। কালও তারা পেয়েছে বড় জয়। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে চার দিন আগে ২-০ তে হারের ক্ষতে কিছুটা প্রলেপ লেগেছে। যদিও শুরুতে সেভাবে চেনা যাচ্ছিল না ডিয়াগো ক্রসিয়ানির দলকে। ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার স্টুয়ার্ট কর্নেলিয়াসের অনুপস্থিতি বোঝা যাচ্ছিল ভালোভাবেই। তবে সময় যত গড়িয়েছে তারা গুছিয়ে উঠেছে। যদিও ম্যাচের ২৫ মিনিটে গোল হজম করতে পারতো ঢাকা আবাহনী। ভুল পাস থেকে বল পেয়ে জাহেদুল আলম, আবাহনীর রক্ষণের পরীক্ষা নিতে চেয়েছিলেন। তবে এই ফরোয়ার্ডের শট আটকে দেন ইরানি ডিফেন্ডার মিলাদ শেখ সুলেমানি।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রেকর্ড ১২বারের ফেডারেশন কাপ জয়ী আবাহনী। বডি ডজে চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ফেলে ডান পায়ের শটে চট্টগ্রাম আবাহনীর কিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন রোকো। এরপর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন এমেকা। মাঝমাঠ থেকে আক্রমণ গড়েছিলেন তিনি। মেরাজ হোসেন অপিকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন এই নাইজেরিয়ান। অপির নিঁখুত পাস তার কাছে পৌঁছালে গোল করতে ভুল করেননি এমেকা। ৮৩ মিনিটে ৩-০ করেন ব্রাদার্সের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক পাওয়া ব্রাজিলিয়ান ওয়াশিংটন। মেহেদী হাসান রয়্যালের থ্রু পাস অফসাইডের ফাঁদ গলে আয়ত্বে নেন এই ব্রাজিলিয়ান। এরপর কোনাকুনি শটে আশরাফুল রানার দুর্ভোগ বাড়ান তিনি।
মোহামেডানের কাছে প্রথম ম্যাচে ২-১ গোলে হারানোর পর এই হারে চট্টগ্রাম আবাহনীর শেষ আটে নাম লিখানো অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো। ঠিক যেমনটা হয়েছে ব্রাদার্সের ক্ষেত্রেও। মঙ্গলবার তারা মোহামেডানকে ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও শেষ পর্যন্ত হেরেছে ২-১ ব্যবধানে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৬৬ মিনিটে সৌরভের গোলে লিড নেয় সাদা-কালোরা। তবে তিন মিনিট পর উজবেক মিডফিল্ডার ওতাবেক ব্রাদার্সকে ম্যাচে ফেরান। তবে ৮৫ মিনিটে জাফর ইকবাল গোল করে মোহামেডানকে তোলেন শেষ আটে। ১৩ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে দুই চিরশত্রু আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে। অপর ম্যাচে ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী নামবে শেষ আটে টিকে থাকার লড়াইয়ে।