দুই ভাইয়ের দ্বন্দ্বে কাটা পড়ল দুই শতাধিক গাছ

গাজীপুরের শ্রীপুরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্বে কাটা পড়েছে দুই শতাধিক ফলদ ও বনজ গাছ। শত্রুতাবশত ছোট ভাই নুরুল ইসলাম লোকজন নিয়ে বড় ভাই আবদুল মোতালেবের বাড়িতে তাণ্ডব চালিয়ে গাছ কেটে জমির সীমানা প্রাচীরও ভেঙে ফেলেন।

আজ মঙ্গলবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ভাঙনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। পরে বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ভাই।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি- তাদের বসবাড়ির আশপাশের সব ফলদ ও কাঠেরগাছ কেটে বাড়ি নিয়ে গেছে হামলাকারীরা। বাউন্ডারি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা। এ সময় বাধা দিতে গেলে তারা উল্টো মারতে আসে।

স্থানীয়রা জানান, আবদুল মোতালেবের বসত বাড়ির ২০০টি গাছ কেটে ফেলেন তার ছোট ভাই নুরুল ইসলামের ছেলে ও তাদের লোকজন। তারা গাছ কেটে সীমানা প্রাচীর ভেঙে দিয়েছেন। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসার আগেই তারা কাটা গাছপালা নিয়ে পালিয়ে যায়।

আবদুল মোতালেবের ছেলে আলম হোসেন জানান, আমার চাচাতো ভাইয়েরা পারিবারিক শত্রুতা করে আমাদের ২০০টি গাছ কেটে ফেলেছে। তাদের সঙ্গে এই জায়গা নিয়ে আমাদের দ্বন্দ্ব চলছিল। তাদের বলেছি কাগজপত্র নিয়ে বসে সমাধান করতে। স্থানীয়ভাবে সমস্যা সমাধানের সুযোগ থাকলেও তারা জোর করে জমি দখল করতে চাচ্ছে।

শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জানান, দুই ভাই আবদুল মোতালেব ও নুরুল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের কারণে এসব ফলদ গাছ কেটে ফেলেছে নুরুল ইসলামের ছেলেরা। আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ জামান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।