অ্যান্ড্রয়েড ফোনেও এক্সে অডিও-ভিডিও কল

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে বা (সাবেক টুইটার) বার্তা বা ছবি প্রকাশের পাশাপাশি এখন অডিও-ভিডিও কলও করা যাবে এই অ্যাপে। তবে এত দিন শুধু আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা পেলেও এবার অ্যান্ড্রয়েড ফোন থেকেও এক্সে অডিও-ভিডিও কল করা যাবে এখন থেকে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্তের কার্যক্রম শুরু করেছে এক্স। কিন্তু প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে (এক্স প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস) ব্যবহারকারীরা অডিও-ভিডিও কল করতে পারবেন। এক্স প্রিমিয়ামের জন্য গ্রাহককে প্রতি মাসে গুনতে হবে ৮ ডলার ও প্রতি বছর ৮৪ ডলার খরচ করতে হবে। তবে বিজ্ঞাপনসহ এক্স প্রিমিয়ামের বেসিক প্ল্যানের দাম ৩ ডলার। তবে কোন প্ল্যানের ক্ষেত্রে বহির্গামী বা আউটগোর্য়িং কল করা যাবে তা এখনো এক্সের ওয়েবসাইটে জানানো হয়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জকে এক্সের ডেভেলপার এনরিক ব্যারাগান বলেন, ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড গ্রাহকদের অ্যাপটি আপডেট করতে হতে পারে। এই ফিচারের মাধ্যমে যে কেউ ফোন রিসিভ করতে পারবে।

তবে এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো ২০২৩ সালের আগস্টে অডিও ও ভিডিও কলের ফিচারটির ঘোষণা দেয়। এসব প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ বানানোর ইলন মাস্কের পরিকল্পনার অংশ। এ ছাড়া এক্সের মাধ্যমে গ্রাহকরা অর্থ আদান-প্রদান করার ফিচারও নিয়ে আসা হচ্ছে বলে জানা যায়। এ জন্য কোম্পানিটি প্রয়োজনীয় ১৫তম লাইসেন্সও পেয়েছে।

যেভাবে চালু করবেন সুবিধাটি

সব অ্যান্ড্রয়েড ওএসচালিত মোবাইল ফোনে কবে থেকে সুবিধাটি চালু করা হবে তা নিশ্চিত করে জানানো হয়নি। তবে নিজের মোবাইল ফোনে এক্স অ্যাপ হালনাগাদ করে সুবিধাটি পেয়ে গেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। সুবিধাটি চালু বা বন্ধ করতে প্রোফাইলের আইকন থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ নির্বাচন করতে হবে। ‘ডিরেক্ট মেসেজ’ অপশন থেকে পেয়ে যাবেন ‘এনেইবল অডিও অ্যান্ড ভিডিও কলিং’ সুবিধা। এই অপশন থেকেই ঠিক কাদের থেকে কল পেতে চাচ্ছেন তাও নির্বাচন করা যাবে।