টানা দুটি করে ম্যাচ জিতে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ হয়েছে দুটি ভিন্ন ভেন্যুতে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। গতকালই আবাহনীর জার্সিতে প্রথম খেলতে নেমে প্রথম গোলের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোকো ব্রুনিনহো। চোট কাটিয়ে ফিরে প্রথমার্ধে আবাহনীকে এনে দিলেন লিড। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান এমেকা ওগবাহ ও ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দাও একটি করে গোল করে দলকে তুলে নেন কোয়ার্টার ফাইনালে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে মোহামেডান। ম্যাচের ৬৬ মিনিটে সৌরভের গোলে লিড নেয় সাদা-কালোরা। তবে তিন মিনিট পর উজবেক মিডফিল্ডার ওতাবেক ব্রাদার্সকে ম্যাচে ফেরান। তবে ৮৫ মিনিটে জাফর ইকবাল গোল করে মোহামেডানকে তোলেন শেষ আটে। ১৩ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে দুই চিরশত্রু আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে। অপর ম্যাচে ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী নামবে শেষ আটে টিকে থাকার লড়াইয়ে।