স্নাতকে বিদেশি শিক্ষার্থী নেওয়া ২ বছরের জন্য স্থগিত করেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া   

আগামী দুই বছরের জন্য স্নাতক কোর্সগুলোতে ভর্তি হতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের অনুমোদন দেওয়া স্থগিত করতে যাচ্ছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার সরকার। সোমবার প্রাদেশিক সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি।

বিবৃতিতে ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক কোনো বিদেশি শিক্ষার্থীকে প্রদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং প্রদেশে বসবাসের অনুমতি দেওয়া হবে না। আরও জানানো হয়েছে, এই সময়সীমার মধ্যে যেসব ব্যক্তি শ্রমিক হিসেবে ব্রিটিশ কলাম্বিয়ায় প্রবেশ করবেন, তাদেরকেও ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং সরকারের নির্ধারিত মান অনুযায়ী ইংরেজি ভাষায় প্রশিক্ষিত হতে হবে।

গত কয়েক বছরে বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী এবং অভিবাসী কানাডায় গমন করায় দেশটির বিভিন্ন শহরে আবাসন সংকট শুরু হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবাসন ব্যয়। কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিসটিক্স কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে কানাডা গড়ে আবাসন ব্যয় বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ।

মূলত এই কারণেই বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের আগমনে বিধিনিষেধ জারি করছে কানাডা। কিছুদিন আগে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের অনুমোদন ৩৪ শতাংশে নামিয়ে আনা হবে।

প্রসঙ্গত, বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্যবান শিক্ষার্থীদের কাছে শিক্ষাগ্রহণ ও বসবাসের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম।