বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শ্রেণির ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে দেশটিতে যেতে আগ্রহী বিদেশি নাগরিকদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ভিসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সংস্কার করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসানীতিতে পরিবর্তন এনেছিল ভারত। নতুন উদ্যোগকে সেই সংস্কার কার্যক্রমের দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন ব্যবস্থায় প্রচলিত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এ ভিসার আওতায় থাকবে।
ভিজিটর ভিসার দুটি উপশ্রেণি রাখা হয়েছে—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ কিংবা ১০ বছর। দীর্ঘমেয়াদি এ ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।
চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ক্ষেত্রে পৃথক ভিসাব্যবস্থা চালু করা হচ্ছে। সাধারণ চিকিৎসার জন্য দেওয়া হবে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ হবে এক বছর। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।
রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসার প্রয়োজনে বারবার ভারতে যাওয়া কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গে এ উদ্যোগের সম্পর্ক রয়েছে।
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও নতুন শ্রেণি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা চালু হবে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনা করা যাবে। আর এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা দেওয়া হবে। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী এ ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।
ব্যবসায়িক ভিসাও দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বি-১ ভিসার আওতায় ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করা যাবে। অন্যদিকে বি-২ ভিসা দেওয়া হবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসা ব্যবহার করা যাবে। এ শ্রেণিতেও ই-ভিসার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন ভিসা কাঠামো কার্যকর করতে ই-ভিসা ব্যবস্থায় প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।
সংশোধিত কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় ধরনের ভিসা থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ বিশেষ কয়েকটি শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা দেওয়া শুরু হতে পারে। এ সংস্কার কার্যকর হলে বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদনপ্রক্রিয়া আগের তুলনায় সহজ ও কম জটিল হবে বলে আশা করা হচ্ছে।